মো. আহছান উল্লাহ :
বরিশাল–১ আসনের রাজনীতিতে ফের একবার জমে উঠেছে নির্বাচন–পূর্ব উত্তাপ। গ্রামগঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ঘাট আর হাট—সবখানেই আলোচনার কেন্দ্রে একটাই নাম: বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
বিগত এক দশকের বেশি সময় ধরে এই আসনের রাজনীতি ছিল টানাপোড়েন, দমন-পীড়ন আর মামলা–হামলার কঠিন বাস্তবতায় আবদ্ধ। সেই কঠিন সময়ের সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে যাদের নাম উঠে আসে, তাদের সামনের সারিতেই ছিলেন স্বপনপন্থী বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় নেতাদের ভাষায়, “এই আসনে সবচেয়ে বেশি মামলা, গ্রেফতার আর কারাবরণ সহ্য করেছেন ধানের শীষের রাজনীতির কর্মীরাই।”
জেল, মামলা আর রাজপথ—স্বপনের রাজনৈতিক পথচলা এম জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক জীবন কেবল নির্বাচনমুখী নয়; এটি এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। একাধিকবার গ্রেফতার, কারাবরণ, মামলার বোঝা—সবকিছু সত্ত্বেও তিনি এলাকা ছাড়েননি, দল ছাড়েননি। বরং প্রতিটি দমন–পীড়নের পর আরও দৃঢ়ভাবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছেন—এমনটাই বলছেন স্থানীয় বিএনপি নেতারা।
একজন প্রবীণ ইউনিয়ন বিএনপি নেতা বলেন, “স্বপন ভাই শুধু নেতা নন, তিনি আমাদের সাহস। জেলে থেকেও তিনি আমাদের খোঁজ নিয়েছেন, দিকনির্দেশনা দিয়েছেন।” ‘খাঁটি বিএনপির আসন’ পুনরুদ্ধারের প্রত্যাশা বরিশাল–১ আসনকে স্থানীয় বিএনপি দীর্ঘদিন ধরেই তাদের ‘খাঁটি ঘাঁটি’ হিসেবে বিবেচনা করে। দলীয় নেতাদের দাবি, অতীতে ভোটের ফলাফল এই বাস্তবতাই প্রতিফলিত করেছে। তবে বিগত সময়ের রাজনৈতিক পরিবেশে সেই আসন ধরে রাখা সম্ভব হয়নি। এবার পরিস্থিতি ভিন্ন—এমনটাই মনে করছেন মাঠের কর্মীরা। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত বিএনপির সাংগঠনিক কাঠামো তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ। দীর্ঘদিন পর প্রকাশ্যে সক্রিয়তা, সভা–সমাবেশ আর জনসংযোগে প্রাণ ফিরে পেয়েছে ধানের শীষের শিবির।
স্থানীয় বিএনপি নেতা বলেন, “এই আসনে ভোটাররা স্বপনের রাজনীতি চেনেন। নির্যাতনের মধ্যেও তিনি আমাদের ছেড়ে যাননি—এটাই বড় কথা।” ভোটের অঙ্কে আত্মবিশ্বাস সরেজমিন ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বেড়েছে। অনেকেই বলছেন, তারা পরিবর্তনের রাজনীতি দেখতে চান। স্থানীয় বাজারের এক ব্যবসায়ী বলেন, “আমরা অনেক কিছু দেখেছি। এবার মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়।”
বিএনপি নেতাদের ধারণা, ঐক্যবদ্ধ ভোট ও মাঠের শক্ত সংগঠন বরিশাল–১ আসনে ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে আনতে পারে। বরিশাল–১ আসনের নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়; এটি নির্যাতন–সহিষ্ণু রাজনীতির বিপরীতে টিকে থাকার এক প্রতীকী পরীক্ষা। জেল–জুলুম পেরিয়ে এম জহির উদ্দিন স্বপনের এই প্রত্যাবর্তন শেষ পর্যন্ত কী পরিণতি ডেকে আনবে—তা জানতে অপেক্ষা এখন শুধু ভোটের দিনের। ধানের শীষ কি সত্যিই তার ‘খাঁটি ঘাঁটি’ পুনরুদ্ধার করতে পারবে? উত্তর দেবে ব্যালট, বলবে গৌরনদী -আগৈলঝাড়াবাসি।
Leave a Reply